জাতীয়

ডিসি সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বায়ান্ন প্রতিবেদন

নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর রাজধানীতে শুরু হয়েছে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন–২০২৬। দেশের বিভিন্ন জেলার প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়ন বাস্তবায়ন আরও সমন্বিতভাবে এগিয়ে নিতে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (০৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিনি সম্মেলনস্থলে পৌঁছান। এ সময় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ের নিজ দপ্তর থেকে হেঁটে ওসমানী মিলনায়তনের দিকে রওনা হন। পথে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ তাকে অভিবাদন জানান, যার জবাবে প্রধানমন্ত্রী হাত নেড়ে শুভেচ্ছা গ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্মেলনে দেশের সব জেলা থেকে আসা জেলা প্রশাসকরা অংশ নিয়েছেন। পাশাপাশি ৫৬টি মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রম ও দিকনির্দেশনা জেলা প্রশাসকদের সামনে তুলে ধরবেন।

নীতিনির্ধারণ, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং মাঠ প্রশাসনের জনস্বার্থ সংশ্লিষ্ট প্রস্তাবসমূহ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ ও সমন্বয়ের লক্ষ্যে প্রতিবছরই এই সম্মেলন আয়োজন করা হয়।

এবারের ডিসি সম্মেলনে মোট ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হবে, যার মধ্যে ৩০টি হবে কার্য অধিবেশন। এতে অংশ নিচ্ছে ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগ।

মাঠ প্রশাসন থেকে এবার মোট ১ হাজার ৭২৯টি প্রস্তাব পাওয়া গেছে, যার মধ্যে কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে ৪৯৮টি প্রস্তাব। প্রস্তাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি এসেছে স্বাস্থ্য সেবা বিভাগ থেকে—মোট ৪৪টি প্রস্তাব।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #জেলা প্রশাসক #সম্মেলন #প্রধানমন্ত্রী