ইসরাইলে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের ‘উদ্ভাবনী ধারণা ও সমাধান’ খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। নতুন করে নির্বাচন আয়োজনের পরিস্থিতি এড়াতে দলগুলোর নেতাদের কঠোর অবস্থান থেকে সরে আসারও পরামর্শ দিয়েছেন তিনি।
রোববার (০১ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, আগামী বুধবার নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল গ্রহণ করবেন বলে জানিয়েছেন হারজগ। এরপর সরকার গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করবেন তিনি।
হারজগ বলেন, ‘নতুন নির্বাচন এড়াতে আমি দলীয় নেতাদের উদ্ভাবনী ধারণা ও সমাধানের বিষয়ে খোলামেলা থাকার আহ্বান জানাচ্ছি। নির্বাচনের ফলাফল এখন বাস্তবতা। সব নেতাকে নিজেদের কঠোর অবস্থান সরিয়ে রেখে এই বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হবে।’
নতুন নির্বাচন এড়ানোর লক্ষ্যে সম্ভাব্য রাজনৈতিক পথগুলোও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
সরকার গঠনের দায়িত্ব পাওয়া দল বা জোটকে মন্ত্রিসভা গঠনের জন্য সর্বোচ্চ ৪২ দিন সময় দেওয়া হবে।
উল্লেখ্য, গেল সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ১২০ আসনের মধ্যে ৫৩টি পেয়েছে। তার বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। অন্যদিকে আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন।
ইসরাইলে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। কোনো জোট এককভাবে এই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় নতুন সরকার গঠন নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
এমএ//