আবহাওয়া

৬ জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ২ নম্বর সংকেত

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

আকাশে হঠাৎই বদলে যাওয়া মেজাজ, কোথাও কালো মেঘ জমছে, কোথাও আবার দমকা হাওয়ার ইঙ্গিত—দেশের ছয়টি অঞ্চলে এমনই অস্থিতিশীল আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২৬ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে জানানো হয়, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

একই সঙ্গে সারাদেশের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে। পাশাপাশি ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙামাটি, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবান ও ফেনীসহ কিছু এলাকায় চলমান মৃদু তাপপ্রবাহও কিছুটা কমে আসতে পারে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #আবহাওয়া #ঝড় #মেঘ #দমকা হাওয়া