প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হলেও এখনো নিয়োগ ও পদায়ন না পাওয়ার অভিযোগে ঢাকার শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রার্থীরা।
রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টা থেকে পূর্বঘোষণা অনুযায়ী তারা শাহবাগ এলাকায় অবস্থিত জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। এতে হাজারেরও বেশি নিয়োগ প্রত্যাশী অংশগ্রহণ করেন।
আন্দোলনকারীরা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। দাবি বাস্তবায়ন হলেই কেবল তারা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করবেন।
এর আগে গত ২৩ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শাহবাগে এই কর্মসূচির ঘোষণা দেন প্রার্থীরা। তার আগে কর্তৃপক্ষকে তাদের দেয়া ১০ দিনের আল্টিমেটাম প্রত্যাহার করে ওইদনি সরাসরি আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত জানায় তারা।
সুপারিশপ্রাপ্ত নিয়োগ প্রত্যাশিরা জানান, গত ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়, যেখানে ১৪ হাজার ৩৮৪ জনকে নির্বাচিত করা হয়। ফল প্রকাশের পর নিয়ম অনুযায়ী তারা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে স্বাস্থ্য পরীক্ষার সনদ ও ডোপ টেস্ট রিপোর্টসহ প্রয়োজনীয় সব নথিপত্র জমা দেন। কিন্তু আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো নিয়োগপত্র পাননি তারা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগের আশায় অনেক প্রার্থী তাদের আগের বেসরকারি চাকরি ছেড়ে দিয়েছেন। ফলে নিয়োগ ঝুলে থাকায় তারা পরিবারসহ চরম আর্থিক ও মানসিক অনিশ্চয়তায় ভুগছেন।
প্রার্থীদের অভিযোগ, গত ২২ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে এক ধরনের দোদুল্যমান পরিস্থিতি তৈরি হয়েছে, যা তাদের উদ্বেগ আরও বাড়িয়েছে।
আন্দোলনকারীরা জানান, গত ১ মার্চের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সব মূল সনদ যাচাই ও পরিচিতি সম্পন্ন হয়েছে। সব প্রক্রিয়া শেষ হওয়ার পরও নিয়োগপত্র না দেয়াকে তারা কর্তৃপক্ষের ‘প্রহসন’ হিসেবে দেখছেন। এ বিষয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেও এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।
অবস্থান কর্মসূচি থেকে প্রার্থীরা আরও জানান, তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সুশৃঙ্খলভাবে আজ থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচি লাগাতার চালিয়ে যাওয়া হবে। নিয়োগ ও পদায়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না।
এসি//