আবহাওয়া

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, চার সমুদ্রবন্দরে সতর্কতা

বায়ান্ন প্রতিবেদন

বঙ্গোপসাগরে ক্রমেই শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তী সময়ে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২৫ অক্টোবর) বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। রোববার সকাল ৬টায় নিম্নচাপটির কেন্দ্র ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণে, মোংলা থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিণে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিম্নচাপটি দক্ষিণ দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হওয়ার মাধ্যমে রোববারই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর এটি দিক পরিবর্তন করে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যেতে পারে। আগামী ২৮ অক্টোবর নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করার আশঙ্কা রয়েছে।

নিম্নচাপটির কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। নিম্নচাপের কেন্দ্রের আশপাশে সাগর উত্তাল রয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #বঙ্গোপসাগর #ঘূর্ণিঝড়