হরমুজ প্রণালি আবারও বন্ধ করার ঘোষণা দিয়ে ইরান ‘অতিরিক্ত চালাকি’ দেখিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (১৮ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
তবে একইসঙ্গে ট্রাম্প জানান, তেহরানের সঙ্গে চলমান আলোচনা ইতিবাচক দিকেই এগোচ্ছে এবং পরিস্থিতি ‘খুব ভালোভাবে’ অগ্রসর হচ্ছে বলে তার দাবি। এ বিষয়ে প্রকাশিত এক প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে দ্য টাইমস অব ইসরাইল।
ট্রাম্প বলেন, ‘তারা আবার এই প্রণালি বন্ধ করতে চেয়েছে। কিন্তু তারা আমাদের ব্ল্যাকমেইল করতে পারবে না। আমরা তাদের সঙ্গে কথা বলছি এবং আশা করছি দিনের শেষে এই বিষয়ে কিছু তথ্য পাওয়া যাবে।’
শনিবার (১৮ এপ্রিল) ইরান বেতার বার্তায় হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজের জন্য পুনরায় বন্ধের ঘোষণা দেয়ার পর ট্রাম্পের এই মন্তব্য এলো।
তবে বর্তমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও আলোচনার ওপর আস্থা প্রকাশ করে ট্রাম্প বলেন,‘আলোচনা চমৎকার চলছে।’
উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে টানাপোড়েন চলছে। এর মধ্যে ট্রাম্পের এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, পর্দার অন্তরালে এখনো কূটনৈতিক প্রক্রিয়া সক্রিয় রয়েছে।
এসি//