আন্তর্জাতিক

ইরানকে লক্ষ্যবস্তু করতে গিয়ে যুক্তরাষ্ট্র হয়তো ‘বাড়াবাড়ি’ করে ফেলেছে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করতে গিয়ে যুক্তরাষ্ট্র হয়তো ‘বাড়াবাড়ি’ করে ফেলেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেন, ইরানের সঙ্গে আলোচনার জন্য উপযুক্ত ইরানি কর্মকর্তা খুঁজে পেতে ওয়াশিংটন হিমশিম খাচ্ছে।

গত সোমবার (১২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউন শহরে রিপাবলিকান পার্টির এক নির্বাচনী সমাবেশে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি এসব তথ্য জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরানের নেতৃত্ব নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি। এখন আমরা বুঝতেই পারছি না যে (ইরানে) কাদের সঙ্গে আমরা কাজ-কারবার করছি। কেউ ইরানের প্রেসিডেন্ট হতে চায় না।

ট্রাম্প বলেন, ইরানের ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে ওয়াশিংটন যাদের ভেবে রেখেছিল তাদের কেউই প্রেসিডেন্ট হতে রাজি হচ্ছেন না।

ট্রাম্প আরও বলেন, সত্যি বলতে, কাদের সাথে আলোচনা করব তা ঠিক করা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। আমার মনে হয় আমরা বাড়াবাড়ি করে ফেলেছি।

তবে বরাবরের মতো এবারও ট্রাম্প দাবি করেছেন যে গত প্রায় ৮ মাসের যুদ্ধে ইরান তার বিমানবাহিনী হারিয়েছে এবং নৌবাহিনীর ১৫৯টি জাহাজের সবগুলো হারিয়েছে এবং তার ভাষ্যমতে, জাহাজগুলো এখন সমুদ্রের তলদেশে সুন্দরভাবে পড়ে আছে।

উল্লেখ্য, কৌশলগত বৈশ্বিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি পারস্য ও ওমান উপসাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে ইরানের প্রতিরক্ষা বাহিনীর লাগাতার হামলার মধ্যেই এ মন্তব্য করলেন ট্রাম্প। ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন্সের (ইউকেএমটিও) তথ্য অনুসারে, গত ১ অক্টোবর থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালি,পারস্য ও ওমান উপসাগরে কমপক্ষে ১৯টি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #ইরান #হামলা #বাড়াবাড়ি