দেশজুড়ে

কোস্টগার্ডের পৃথক অভিযান ১০ জলদস্যু ও ৮ পাচারকারী আটক, উদ্ধার ১২

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার উপকূলে পৃথক তিনটি অভিযানে কুখ্যাত পারভেজ বাহিনীর ১০ সদস্য ও ৮ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। একই সঙ্গে জিম্মি অবস্থায় থাকা ৩ জেলেসহ গভীর সমুদ্রে ভাসমান ৯ বাংলাদেশি নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে কক্সবাজার কোস্টগার্ড স্টেশন-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন।

তিনি জানান, শুক্রবার রাত ৯টার দিকে কলাতলী বিচ সংলগ্ন সমুদ্রে কোস্টগার্ডের একটি  দল অভিযান চালায়। এ সময় একটি সন্দেহভাজন ফিশিং বোট পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে সেটি আটক করা হয়। পরে বোটটি তল্লাশি করে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় পারভেজ বাহিনীর ১০ সক্রিয় সদস্যকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে জিম্মি তিন জেলেকে উদ্ধার করা হয়।

একই দিন রাত থেকে শনিবার ভোর পর্যন্ত বাঁকখালী নদীর মোহনা এবং চট্টগ্রাম উপকূলে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে কোস্টগার্ড।

এতে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের সময় ৫ হাজার লিটার ডিজেল, লুব্রিকেন্ট ও গ্যাস সিলিন্ডারসহ ৫ জন পাচারকারীকে আটক করা হয়। পাশাপাশি ৪৫০ বস্তা সিমেন্টসহ আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

এ ছাড়া মালয়েশিয়া যাওয়ার পথে নৌকাডুবির ঘটনায় ৯ বাংলাদেশি নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। গত ১ এপ্রিল আন্দামান দ্বীপপুঞ্জের কাছে গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় একটি বাংলাদেশি জাহাজ তাদের উদ্ধার করে। পরে শনিবার ভোরে উদ্ধারকৃতদের কোস্টগার্ড জাহাজ মনসুর আলী’-এর কাছে হস্তান্তর করা হয়।

কোস্টগার্ড কর্মকর্তা আরাফাত হোসেন জানান, আটক জলদস্যু ও পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া ব্যক্তিদের স্বজনদের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কোস্টগার্ড