আন্তর্জাতিক

ইসলামাবাদে পৌঁছেছে ইরানি প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনা সামনে রেখে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছেছে। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর (এফও) এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে আগত এই প্রতিনিধি দলকে ইসলামাবাদে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দরে তাদের স্বাগত জানান পাকিস্তানের শীর্ষ পর্যায়ের নীতিনির্ধারকরা। উপস্থিত ছিলেন উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, চিফ অব ডিফেন্স ফোর্সেস ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

ইরানি প্রতিনিধি দলে আরও রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, সর্বোচ্চ জাতীয় প্রতিরক্ষা পরিষদের সচিব আলী-আকবর আহমাদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি এবং একাধিক সংসদ সদস্য।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইতোমধ্যে ইসলামাবাদে পৌঁছেছেন। তাদের মধ্যে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ওয়াশিংটনের আঞ্চলিক দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার প্রতিনিধি দলকে স্বাগত জানানোর পাশাপাশি আসন্ন আলোচনায় ইতিবাচক ফলাফলের আশা প্রকাশ করেছেন।

তিনি বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলো গঠনমূলক মনোভাব নিয়ে আলোচনায় অংশ নেবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই সংকটের দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান নিশ্চিত করতে পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে তার ভূমিকা অব্যাহত রাখবে।

দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনে আজ ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান সক্রিয় ভূমিকা পালন করছে।

সূত্র: ডন, প্রেস টিভি

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #পাকিস্তান #ইরান #যুদ্ধবিরতি আলোচনা