দেশজুড়ে

অবৈধভাবে মজুত করা ১৩৫০০ লি. ডিজেল উদ্ধার, আটক ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে  ট্যাংক লরিতে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রি করার অভিযোগে দুইজনকে আটক করেছে স্থানীয় প্রশাসন। এ সময় প্রায় ১৩ হাজার ৫০০ লিটার ডিজেলসহ দুটি ট্যাংকলরি ও ফিলিং স্টেশনের মিটার জব্দ করা হয়।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন বার্মা স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়েজ উদ্দিন অভিযানে নেতৃত্ব দেন

তিনি জানান,  দুটি ট্যাংকলরিতে ফিলিং স্টেশনের মিটার সংযুক্ত করে সাধারণ গ্রাহকদের কাছে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছিল, যা প্রচলিত আইন ও বিধিমালার পরিপন্থি।

অভিযানকালে ট্যাংকলরিগুলোর বৈধ কাগজপত্র প্রদর্শন করতে না পারায় নারায়ণগঞ্জ-চ-০১-০০২৯ ও পিরোজপুর-ঢ-৪১-০০৪৮ নম্বরের দুটি ট্যাংক লরি জব্দ করা হয়। লরিগুলোতে আনুমানিক ১৩ হাজার ৫০০ লিটার ডিজেল মজুত ছিল।  জব্দ করা ট্যাংকলরিগুলো সিদ্ধিরগঞ্জ থানায় হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় আটককৃতরা হলেন, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার মো. জসিম (৩৮) এবং বার্মা স্ট্যান্ড এলাকার মোহাম্মদ হোসেন ভূঁইয়া (৩০)।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #নারায়ণগঞ্জ