আন্তর্জাতিক

আবারও বন্ধ হরমুজ প্রণালি

আন্তর্জাতিক ডেস্ক

লেবাননে ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘনের জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) এ তথ্য জানানো হয়।

ভেসেল ট্র্যাকিং সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করছে না বলে দেখা গেছে। এর আগে মঙ্গলবার (০৭ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই রুটে ধীরে ধীরে জাহাজ চলাচল স্বাভাবিক হচ্ছিল বলে জানানো হয়েছিল।

তবে নতুন করে উত্তেজনা তৈরি হয় লেবাননকে ঘিরে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়।

এদিকে লেবাননের কর্তৃপক্ষ দাবি করেছে, সেখানে ইসরাইল ব্যাপক হামলা চালিয়েছে, যাতে বড় ধরনের প্রাণহানি ঘটেছে।

আইআরজিসি দাবি করেছে, চুক্তির একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণভিত্তিক ‘স্মার্ট ব্যবস্থাপনা’ অব্যাহত থাকা।

তাদের ভাষ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে সম্মতি দিয়েছেন এবং প্রণালিটি কার্যত ইরানের নিয়ন্ত্রণেই থাকবে।

সংস্থাটি আরও জানায়, দিনের শুরুতে ইরানের মালিকানাধীন দুটি তেলবাহী ট্যাংকার এবং চীনের নৌবহরের একটি জাহাজ নিরাপদে প্রণালি অতিক্রম করে। তবে এরপর আর কোনো জাহাজ ওই পথে প্রবেশ করেনি।

 

ইরানি পক্ষের দাবি, লেবাননে ইসরাইলের বড় ধরনের সামরিক অভিযান শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়, যা যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন। এ পরিস্থিতিতে রাত ১০টার দিকে একটি ট্যাংকার প্রণালির কাছাকাছি এসে হঠাৎ পথ পরিবর্তন করে ফিরে যায় বলেও আইআরজিসি জানিয়েছে।

তথ্যসূত্র: সিএনএন

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসরাইল #হরমুজ প্রণালি #ইরান #আইআরজিসি