ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জেরে জরুরি বিভাগের সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বুধবার (০৮ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জরুরি বিভাগের গেট বন্ধ করে দেওয়া হয়। বাইরে অবস্থান নিয়ে স্লোগান দেন শিক্ষার্থীরা, আর ভেতরে ইন্টার্ন চিকিৎসক ও হাসপাতালের শিক্ষার্থীরাও প্রতিবাদ জানান। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
চিকিৎসকরা জানান, বিকেলে এক শিক্ষার্থী চিকিৎসা নিতে এসে প্রেসক্রিপশন নেন। তবে প্রয়োজনীয় ওষুধ হাসপাতালে না থাকায় বাইরে থেকে কিনতে বলা হলে বিষয়টি নিয়ে বিরোধ শুরু হয়। পরে ওই শিক্ষার্থী সহপাঠীদের নিয়ে এসে চিকিৎসকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করেন, চিকিৎসা নিতে যাওয়া তাদের এক সহপাঠীর ওপর চিকিৎসকরা প্রথমে আক্রমণ চালান। এ ঘটনার প্রতিবাদে তারা হাসপাতালে জড়ো হন এবং বিচার দাবি করেন।
সংঘর্ষের পর ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতির ঘোষণা দেন এবং নিরাপত্তার অজুহাতে জরুরি বিভাগের কার্যক্রম স্থগিত করেন।
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে অতিরিক্ত সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকলেও নিয়ন্ত্রণে রয়েছে।
এমএ//