রাজধানীর সড়কে নারীদের যাতায়াত নিরাপদ ও আরামদায়ক করতে পৃথক বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) নারী চালক ও কন্ডাক্টর দিয়ে পরিচালিত এ 'পিংক বাস' সেবা চালু হবে।
রোববার (১৬ আগস্ট) বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিমের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে পিংক রঙের এই মহিলা বাস সার্ভিস চালু করা হচ্ছে। সার্ভিসের বাসগুলোতে মহিলা চালক ও মহিলা কন্ডাক্টর দায়িত্ব পালন করবেন।
'মহিলা বাস সার্ভিস পরিচালনা' কার্যক্রমের উদ্বোধন মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।'
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।