রাজধানী

ঢাকায় ১৭৭১টি ঈদ জামাত, নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

রাজধানীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোট ১৭৭১টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, ঈদ জামাত ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই এবং আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকায় ১২১টি ঈদগাহ ও ১৫৯৯টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে, যেখানে ৩৫ হাজারের বেশি মুসল্লির অংশগ্রহণের আশা করা হচ্ছে। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে, যার প্রথমটি সকাল ৭টায়।

ডিএমপি কমিশনার জানান, জাতীয় ঈদগাহসহ রাজধানীর সব ঈদ জামাতস্থলে বহুস্তর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রবেশপথে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে এবং সিসিটিভির মাধ্যমে পুরো এলাকা পর্যবেক্ষণ করা হবে।

তিনি আরও বলেন, ঈদগাহের চারপাশে ব্যারিকেড বসানো হবে এবং নির্দিষ্ট পয়েন্ট থেকে মুসল্লিদের হেঁটে প্রবেশ করতে হবে। নারীদের জন্য আলাদা প্রবেশপথ ও নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

নিরাপত্তা জোরদারে পুলিশ ছাড়াও সোয়াট, ডিবি, সিটিটিসি সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম প্রস্তুত থাকবে।

ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি জানান, রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে ডাইভারশন দেওয়া হবে এবং নির্ধারিত পার্কিংয়ের বাইরে গাড়ি না আনার আহ্বান জানান।

মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে তল্লাশিতে সহযোগিতা করতে হবে এবং ব্যাগ বা সন্দেহজনক কিছু বহন না করার অনুরোধ করেন। কোনো সন্দেহজনক কিছু দেখা গেলে পুলিশ বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানাতে বলা হয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজধানী #ঈদুল ফিতর #ঈদ