রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িত চার পুলিশ সদস্যকে ক্লোজড (সাময়িকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার) করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।
তিনি জানান, মাদকবিরোধী অভিযানের সময় শিক্ষার্থীর সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পরবর্তীতে এ ঘটনায় দায়িত্বরত চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে ঢাবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর পুলিশ হামলা চালায়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীরা প্রশ্ন তোলেন—বিনা কারণে কাউকে মারার অধিকার পুলিশকে কে দিয়েছে? সাধারণ মানুষ কি রাস্তায় চলাচল করতে পারবে না? তারা ডিসি মাসুদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণসহ তিন দফা দাবি জানান।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো-
ডিসি মাসুদসহ হামলায় অংশ নেওয়া প্রত্যেক পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে;
ক্যাম্পাসের ভেতরে ও বাইরে সব ধরনের অযাচিত পুলিশিং বন্ধ করতে হবে;
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে।
এমএ//