ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান ১৬ অথবা সর্বোচ্চ ১৭ ফেব্রুয়ারির মধ্যেই আয়োজন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব জানান, শপথ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে এবং নির্ধারিত সময়ের বাইরে যাবে না।
স্পিকারের অনুপস্থিতিতে কে শপথ পাঠ করাবেন—এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। তবে নির্বাচন শেষে পরদিন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে বলে জানান তিনি।
প্রেস সচিব বলেন, ইতোমধ্যে নবনির্বাচিত এমপিদের গেজেট প্রকাশ করা হয়েছে এবং বাকি আনুষ্ঠানিক কাজ দ্রুত এগোচ্ছে। তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট টিম নির্বিঘ্ন ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে কাজ করছেন।
এদিকে সংসদ সচিবালয়ের সঙ্গে সমন্বয় ও বঙ্গভবন প্রস্তুতের বিষয়টি আইন উপদেষ্টা আসিফ নজরুল তদারকি করছেন বলেও উল্লেখ করেন শফিকুল আলম।
এমএ//