দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যান দুর্ঘটনায় এক বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের দরগার চর এলাকায় শাহজাদপুর-এনায়েতপুর আঞ্চলিক সড়কে দুর্ঘটনাটি ঘটে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহত চাঁদ মিয়া সরকার (৭০) বেলতৈল ইউনিয়নের মালতিডাঙ্গা নতুনপাড়া গ্রামের বাসিন্দা এবং বানিজ উদ্দিন সরকারের ছেলে। তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং পরে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন।

পুলিশ জানায়, লোহার পাইপ বোঝাই একটি শ্যালো ইঞ্জিনচালিত করিমন গাড়িকে অতিক্রম করার সময় ব্যাটারিচালিত অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় পাইপের সঙ্গে আঘাত লেগে অটোভ্যানের যাত্রী চাঁদ মিয়া সরকার গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় চালকসহ আরও একজন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ একটি ক্লিনিকে ভর্তি করেন।

ওসি মো. সাইফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ #মুক্তিযোদ্ধা #দুর্ঘটনা