ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৬ জন শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) রাজ্যের পূর্ব জৈন্তিয়া হিলস জেলার তাশখাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও বহু শ্রমিক খনির ভেতরে আটকা পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণটি খনির ভেতরেই ঘটে, যার ফলে সেখানে কর্মরত শ্রমিকদের মধ্যে ব্যাপক প্রাণহানি ঘটে। দুর্ঘটনার পরপরই মেঘালয় পুলিশ ও প্রশাসন উদ্ধার অভিযান শুরু করে এবং একাধিক দল ঘটনাস্থলে পাঠানো হয়। খনি এলাকা থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।
কর্তৃপক্ষের ধারণা, নিহত শ্রমিকদের অধিকাংশই প্রতিবেশী আসাম রাজ্যের বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, খনির আশপাশে বহু শ্রমিক ও তাদের স্বজন জড়ো হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহতদের একজন আসামের কাটিগড়া উপজেলার বিহারা গ্রামের বাসিন্দা।
অন্যদিকে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, একই জেলার থাংস্কু এলাকায় সন্দেহভাজন একটি অবৈধ কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনায় অন্তত চারজন শ্রমিক নিহত এবং একজন আহত হয়েছেন। বিস্ফোরণের ফলে শ্রমিকরা খনির গভীরে আটকা পড়েন।
জেলার পুলিশ সুপার বিকাশ কুমার জানান, উদ্ধারকাজে সহায়তার জন্য রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)-এর সহায়তা চাওয়া হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এসডিআরএফের দল ঘটনাস্থলে পৌঁছায়নি।
পুলিশের প্রাথমিক ধারণা, কয়লা উত্তোলনের সময়ই বিস্ফোরণটি ঘটে এবং খনিটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। বিস্ফোরণের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
এমএ//