রাজনীতি

কারও চোখ রাঙানির পরোয়া করব না : জামায়াত আমির

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটকে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহ তৌফিক দিলে কারও চোখ রাঙানির পরোয়া করা হবে না। দেশের সম্পদ দেশের মানুষের কল্যাণে কাজে লাগাতে সর্বাত্মক চেষ্টা করা হবে।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, রাজশাহীর বিভিন্ন সমস্যা রয়েছে, তবে সেগুলোর সমাধান সম্ভব। তিনি অভিযোগ করেন, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া এবং রাজনৈতিক নেতৃত্বের অঙ্গীকারের অভাবেই এসব সমস্যা দীর্ঘদিন ধরে রয়ে গেছে। রাজশাহী মেডিকেল কলেজের সঙ্গে থাকা ডেন্টাল ইউনিটকে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজে উন্নীত করার উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি উল্লেখ করে তিনি বলেন, জনগণ দায়িত্ব দিলে সেটি দ্রুত বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, দেশের সম্পদ ও প্রতিষ্ঠানগুলো অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে লোকসানে পড়ছে। সুগার মিলের লোকসানের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ’আমার দেশের মাটিতে আখ ফলে। আমার দেশের শ্রমিকরা কাজ করে। তাহলে লোকসানি কেন? চুরি চামারির কারণে লোকসানি। যদি আপনাদের রায়ের প্রতিফলন ঘটে; ১৩ তারিখ থেকে বলা লাগবে না অটোমেটিক্যালি অনেকের কান এবং নাক খুলে যাবে। বাংলাদেশ নতুন পথ পাবে ইনশাআল্লাহ।’

রাজশাহীতে গ্যাস সরবরাহের দাবির বিষয়েও কথা বলেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের সমুদ্রসম্পদ আহরণে এখনো পূর্ণ সক্ষমতা অর্জিত হয়নি, তবে ভবিষ্যতে এ খাতে সম্ভাবনা রয়েছে।

জনসভা থেকে তিনি রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন এবং ভোটারদের ওই প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

রাজশাহী জেলা ও মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত এ জনসভায় ১১ দলীয় জোটের কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন। এর আগে দুপুরে রাজশাহীর গোদাগাড়ীর মহিষালবাড়ি মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত আরেকটি জনসভায় বক্তব্য দেন জামায়াত আমির। সেখানেও তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজশাহী #জামায়াত #জাম্যাত আমির