ভোররাতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তসংলগ্ন এলাকায় এই কম্পন টের পান মানুষজন। আন্তর্জাতিক ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউরো–মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১।
সংস্থাটি জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভারতের হাওড়া শহর থেকে এর অবস্থান ছিল আনুমানিক ৩৬ কিলোমিটার পূর্ব দিকে।
বিশেষজ্ঞদের মতে, এ অঞ্চলটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছাকাছি হওয়ায় মাঝেমধ্যে স্বল্পমাত্রার ভূমিকম্প হয়ে থাকে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা স্থাপনার ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে।
এর আগেও চলতি বছরের ১ ফেব্রুয়ারি ৩ মাত্রার এবং ২৫ জানুয়ারি ৩ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয়েছিল।
এমএ//