দেশজুড়ে

টানা তিন দিন সংঘর্ষ, বেড়া থানার ওসি প্রত্যাহার

পাবনা প্রতিনিধি

পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে টানা তিন দিন ধরে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তার জায়গায় পাবনা সদর সার্কেল কার্যালয়ের ইন্সপেক্টর গোলাম মোস্তফাকে বেড়া মডেল থানার দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন পাবনার পুলিশ সুপার (এসপি) আবু আশ্রাফ। তিনি জানান, নয়ন কুমার সরকারকে দায়িত্ব থেকে সরিয়ে গোলাম মোস্তফাকে বেড়া থানার দায়িত্ব দেওয়া হয়েছে। রাতেই দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয় তাকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেল বৃহস্পতিবার বিকেলে বেড়া পৌর এলাকার বৃশালিখায় দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত। লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ মিছিল করেন। এর পাল্টা মিছিল বের করেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

এ সময় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। এরপর থেকে এলাকায় দুই পক্ষের মধ্যে বিরতি দিয়ে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া চলছিল।

এর ধারাবাহিকতায় শনিবার দুপুর থেকে বৃশালিখা এলাকায় দুই পক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। সন্ধ্যা পর্যন্ত একাধিকবার সংঘর্ষের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে তিনি শুনেছেন। তবে আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সংঘর্ষের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #পাবনা #বিএনপি #আওয়ামী লীগ