দেশজুড়ে

মুকসুদপুর থানা থেকে অস্ত্র উদ্ধার: সালথা থানার ওসিসহ টিম পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় দুর্বৃত্তদের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গত ১৯ নভেম্বর সংঘটিত ওই নাশকতায় থানা ক্ষতিগ্রস্ত হওয়ার পর উদ্ভূত ঝুঁকিপূর্ণ ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় অসীম সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছে ফরিদপুরের সালথা থানা পুলিশ। এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে নেতৃত্ব দেওয়ায় সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খানসহ তাঁর নেতৃত্বাধীন পুরো পুলিশ টিমকে সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করার ঘোষণা দিয়েছে ফরিদপুর জেলা পুলিশ।

ওসি মো. বাবলুর রহমান খানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে। তাঁরা অস্ত্রাগারে সংরক্ষিত সরকারি ও ব্যক্তিমালিকানাধীন অস্ত্র নিরাপদে উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনসে নিয়ে আসেন। প্রতিকূল পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ, সমন্বিত উদ্যোগ ও দায়িত্ব পালনে নিষ্ঠার পরিচয় দিয়ে সালথা থানা পুলিশের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এ ঘটনায় সালথা থানার ওসি বাবলুর রহমান খান ও তাঁর নেতৃত্বাধীন দলের ভূমিকার প্রশংসা করেছেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। তিনি পুলিশ টিমের সদস্যদের আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে তাঁদের সাহসিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করার ঘোষণা দেন।

পুলিশ সুপার আশা প্রকাশ করেন, দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ও মর্যাদা সমুন্নত রাখতে ওসি বাবলুর রহমান খান ও তাঁর নেতৃত্বাধীন পুলিশ টিম ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন।

সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, গত ১৯ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেলা সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে থানার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও কয়েকটি যানবাহন পুড়ে যায়। এমন পরিস্থিতিতে অস্ত্রাগারে সংরক্ষিত অস্ত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। তখন দায়িত্বের অংশ হিসেবে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে মুকসুদপুর থানায় যাই। পরে সেখান থেকে ৪০০টির বেশি সরকারি ও ব্যক্তিমালিকানাধীন অস্ত্র নিরাপদে উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনে নিয়ে আসি।

এদিকে, সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান ও তাঁর নেতৃত্বাধীন পুলিশ টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ২৭তম আউটসাইড ক্যাডেট ২০০৫ ব্যাচ। ব্যাচের পক্ষ থেকে জানানো হয়, সাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের এমন স্বীকৃতি সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পাশাপাশি পুরো ব্যাচের জন্য গর্ব ও অনুপ্রেরণার বিষয়।

 

এমজে/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ফরিদপুর #সালথা থানা