জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বিএনপি নেতাদের বাড়িতে আশ্রয় নিচ্ছেন। সচিবালয়, বিচার বিভাগ, সাংবিধানিক পদ ও প্রশাসনের বিভিন্ন স্তরে ফ্যাসিবাদের দোসররা অবস্থান করছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে ঢাকায় ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে’ বিক্ষোভ মিছিলের আগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, তার মূল ভিত্তি ছিল জুলাই সনদ। কিন্তু সরকার সেই সনদকে অগ্রাহ্য করছে। গণভোটের রায় না মানার কারণে সরকারই ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে বিভাজন তৈরি করছে।
তিনি বলেন, গণভোটের সামনে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার কোনো মূল্য নেই। গণভোটের রায় মেনে নিন, আর আমরা আমাদের দলীয় জায়গা থেকে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদ-আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই আমরা করে যাব।
সাবেক এ সংসদ সদস্য বলেন, সাম্প্রতিক সহিংসতা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। বিরোধী দলকে দায়ী না করে নিজেদের ব্যর্থতা খতিয়ে দেখা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী একটি জেলার সন্ত্রাসী কর্মকাণ্ডও তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। প্রধানমন্ত্রীর উচিত মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব পুনর্বিবেচনা করা।
তিনি বলেন, যাদের হাতে সহস্রাধিক মানুষের লাশের গন্ধ এবং রক্ত, যারা ৪০ হাজার লোককে আহত করেছে, আবু সাঈদ, মুগ্ধ এবং শিশুদের নিষ্ঠুরভাবে হত্যা করেছে, মৃত লাশ পুড়িয়ে আগুনে ছাই করেছে, হেলিকপ্টার থেকে গুলি করেছে, এই নিষ্ঠুরতাকে বাংলার মানুষ কখনো ভুলতে পারে না। আওয়ামী লীগকে এসব অপরাধের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। অপরাধের বিচার মেনে নেওয়ার মধ্য দিয়েই দলটিকে দেশপ্রেমের প্রমাণ দিতে হবে।
আই/এ