কলম্বিয়ার সুপারমার্কেটে ২০ জনকে জিম্মি করে রেখেছে অস্ত্রধারীরা
লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার কার্তাহেনা শহরের একটি সুপারমার্কেটে ২০ জনকে জিম্মি করে রেখেছে কয়েকজন অস্ত্রধারী। মঙ্গলবার (২৪ নভেম্বর) এ ঘটনা ঘটে। নগদ অর্থ বহনকারী একটি সুরক্ষিত গাড়ি ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ হওয়ার পর অস্ত্রধারীরা সুপারমার্কেটটিতে ঢুকে লোকজনকে জিম্মি করে।
কলম্বিয়ার প্রেসিডেন্টের দপ্তর ও জাতীয় পুলিশের তথ্য অনুযায়ী, কার্তাহেনার একটি বিপণিবিতান থেকে নগদ অর্থ বহনকারী গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করে অস্ত্রধারীরা। এ সময় পুলিশের তৎপরতা শুরু হলে তারা আন্তর্জাতিক সুপারমার্কেট চেইন এক্সিতোর একটি শাখায় ঢুকে পড়ে। সেখানে থাকা লোকজনকে জিম্মি করে তারা।
শুরুতে সুপারমার্কেটটির ৩০ জনকে জিম্মি করা হয়েছিল। পরে তাদের মধ্যে ১০ জনকে ছেড়ে দেয় অস্ত্রধারীরা। ফলে এখনো অন্তত ২০ জন জিম্মি রয়েছেন বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর ও জাতীয় পুলিশ।
বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ছবিতে দেখা গেছে, কার্তাহেনার পর্যটকদের কাছে জনপ্রিয় লা কাস্তেলানা এলাকার ওই সুপারমার্কেটের বাইরে ভারী অস্ত্র নিয়ে অবস্থান করছেন সামরিক বাহিনী ও পুলিশের সদস্যরা।
জিম্মিদের নিরাপদে উদ্ধারে বিভিন্ন সংস্থার সমন্বয়ে অভিযান চালানো হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে পুলিশ।
তাদের বিবৃতিতে বলা হয়, “দোকানের ভেতরে থাকা নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এবং তাদের নিরাপদে মুক্ত করার লক্ষ্যে আমাদের সমস্ত সম্পদ, প্রযুক্তিগত সক্ষমতা ও বিশেষায়িত ইউনিটগুলোকে বিভিন্ন সংস্থার সমন্বয়ে কাজে লাগানো হয়েছে।”
তবে জিম্মিকারী ও জিম্মি ব্যক্তিদের পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ।
এক বিবৃতিতে প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা বলেন, “আমি কলম্বিয়ার জনগণকে নিশ্চয়তা দিচ্ছি যে, আমরা তাদের (জিম্মিদের) মুক্ত করে আনব।”
অস্ত্রধারীদের মাদক চোরাচালানকারী গোষ্ঠীর সদস্য বলে দাবি করেছেন প্রেসিডেন্ট।
ভিলাভিসেনসিও শহর পরিদর্শনের সময় তিনি বলেন, “এর জন্য দায়ী মাদক-সন্ত্রাসীদের সতর্ক করে বলছি: তোমরা যে রক্ত ঝরিয়েছ, তার প্রতিটি ফোঁটার জন্য এবং যে ব্যবসা ও সম্পত্তি ধ্বংস করেছ, তার প্রতিটি অংশের জন্য তোমাদের জবাবদিহি করতে হবে। আমরা তোমাদের এর মূল্য দিতে বাধ্য করব। এই হামলার বিচার অবশ্যই হবে।”
ভিলাভিসেনসিওতে আগের রাতে একটি গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছিল। কলম্বিয়া সরকারের দাবি, ২০১৬ সালের শান্তিচুক্তি প্রত্যাখ্যান করা ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর একটি বিচ্ছিন্ন অংশ ওই হামলার সঙ্গে জড়িত।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা গেছে, মঙ্গলবার দিনের শুরুতে সুপারমার্কেটের জানালার পাশে কয়েকজন ব্যক্তি হাঁটু গেড়ে বসে আছেন। তাঁদের হাত বাঁধা থাকতে পারে বলে ছবিতে ধারণা পাওয়া যায়। তবে ছবিগুলোর সত্যতা তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
সুপারমার্কেট চেইন এক্সিতোর মূল প্রতিষ্ঠান গ্রুপো এক্সিতো এক বিবৃতিতে জানিয়েছে, “মানুষের জীবন ও নিরাপত্তা রক্ষা করাই আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।”
বিবৃতিতে প্রতিষ্ঠানটি আরও বলেছে, “কার্তাহেনায় আমাদের দোকানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সামাল দিচ্ছে। একটি কোম্পানি হিসেবে আমরা তাদের নির্দেশনা মেনে চলছি এবং পরিস্থিতি মোকাবিলায় তাদের পদক্ষেপকে সমর্থন করছি।”
সূত্র: রয়টার্স
এসি//