সৌদির সব বন্দরে আঘাতের হুমকি হুথিদের
ইয়েমেনের হোদেইদা বন্দরে সৌদি নেতৃত্বাধীন জোট হামলা চালালে জেদ্দাসহ লোহিত সাগরের উপকূলে অবস্থিত সৌদি আরবের সব বন্দরে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে হুথি গোষ্ঠী। মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেন গোষ্ঠীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারী।
বিবৃতিতে জেদ্দাসহ সৌদি আরবের অন্যান্য বন্দরে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের পাশাপাশি আশপাশের বাসিন্দাদের দ্রুত এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে এসব বন্দরে চলাচলকারী জাহাজ সরিয়ে নিতে শিপিং কোম্পানিগুলোকেও সতর্ক করেন।
এর আগে মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদের সবচেয়ে উঁচু ভবন ইনভেস্টমেন্ট ফান্ড টাওয়ারে ড্রোন হামলা চালায় হুথি গোষ্ঠী। এতে অন্তত ১১ জন আহত হন। গত ২০ নভেম্বরও একই ভবনে হামলার ঘটনা ঘটেছিল।
হামলার কয়েক ঘণ্টা পর সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনি সামরিক জোট এক বিবৃতিতে জানায়, ইয়েমেনের সাদা ও আমরান প্রদেশে কয়েকটি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। একই বিবৃতিতে নিকট ভবিষ্যতে ইয়েমেনের হোদেইদা বন্দরেও হামলা চালানোর কথা জানায় জোটটি।
এরপরই জেদ্দাসহ সৌদি আরবের অন্যান্য বন্দরে পাল্টা হামলার হুমকি দেন হুথি মুখপাত্র ইয়াহিয়া কাসিম সারী।
লোহিত সাগরের তীরে অবস্থিত হোদেইদা ইয়েমেনের অন্যতম প্রধান বন্দর। এই বন্দরের মাধ্যমে হুথি-নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছায়। দীর্ঘদিন ধরে মানবিক সহায়তা ও বাণিজ্যিক পণ্য আমদানির গুরুত্বপূর্ণ প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হচ্ছে বন্দরটি।
আমদানিকৃত খাদ্যের ওপর নির্ভরশীল ইয়েমেনের লাখ লাখ মানুষের জন্য হোদেইদা বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে বন্দরটিতে হামলা হলে দেশটির খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
২০১৬ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে হুথি বাহিনীর সংঘাত চলছে। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। তবে গত সেপ্টেম্বরে উভয় পক্ষ চুক্তির শর্ত লঙ্ঘন করে আবারও নিয়মিত একে অপরের লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে।
সূত্র: রয়টার্স
এসি//