পাকিস্তানের প্রথম নভোচারী জিশানের মহাকাশযাত্রা
পাকিস্তানের প্রথম নভোচারী হিসেবে মহাকাশে পাড়ি দিয়েছেন জিশান আলী। বুধবার চীনের শেনঝৌ-২৪ মহাকাশযানে দুই চীনা নভোচারীর সঙ্গে যাত্রা করেন তিনি। এই অভিযানে মহাকাশযানের বৈজ্ঞানিক সরঞ্জাম বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন জিশান।
তাঁর দুই সহযাত্রী হলেন চীনা মহাকাশযানের কমান্ডার তাং হংবো ও উড়ান প্রকৌশলী উ ইয়ি। চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানিয়েছে, মহাকাশ স্টেশনে ৫ থেকে ১০ দিন অবস্থান করে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাবেন জিশান।
বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে, বাংলাদেশ সময় ভোর ৬টা ১৮ মিনিটে উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে শেনঝৌ-২৪-এর যাত্রা শুরু হয়। মহাকাশযানটির গন্তব্য চীনের তিয়াংগং মহাকাশ স্টেশন। উৎক্ষেপণের পুরো দৃশ্য সরাসরি সম্প্রচার করে চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন। যাত্রা শুরুর কয়েক মিনিট পর সম্প্রচারে দেখা যায়, তিন নভোচারী একটি নির্দেশিকা বই উল্টে দেখছেন। তাঁদের সবাই সুস্থ ও ভালো আছেন বলে জানানো হয়েছে।
৪০ বছর বয়সী জিশান আলী পেশায় একজন পাইলট। এই অভিযানের প্রস্তুতি নিতে বেইজিংয়ে সাত মাস প্রশিক্ষণ নিয়েছেন তিনি। এ সময় চীনা ভাষা শেখার পাশাপাশি চীনা গান গাওয়া ও কবিতা পড়ার অনুশীলন করেছেন। চীনা হস্তলিপি শিল্পের চর্চাও করেছেন তিনি। পাশাপাশি টেবিল টেনিসসহ বিভিন্ন ঘরোয়া খেলায় অংশ নিয়েছেন।
মহাকাশযাত্রার আগের দিন মঙ্গলবার সাংবাদিকদের জিশান বলেন, “আমি নিজের জন্য মহাকাশে যাচ্ছি না, দেশের জন্য যাচ্ছি। আমি আমার কাঁধে পাকিস্তানের নাম বহন করছি।”
জিশানের এই মহাকাশযাত্রাকে ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানান তিনি। শেহবাজ বলেন, “পাকিস্তান-চীন বন্ধুত্ব হিমালয়ের উচ্চতাকে ছাড়িয়ে এখন মহাকাশের পথে এগিয়ে চলেছে।”
চীনা নভোচারীরা সাধারণত মহাকাশ স্টেশনে প্রায় ছয় মাস অবস্থান করেন। সেই তুলনায় জিশানের ৫ থেকে ১০ দিনের অবস্থান অনেক কম। তবে পাকিস্তানের জন্য এই অভিযানকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
হংকংভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান অরবিটাল গেটওয়ে কনসাল্টিংয়ের প্রতিষ্ঠাতা ব্লেইন কার্সিও বলেন, “এটি পাকিস্তানের জন্য মর্যাদা বয়ে এনেছে, গুরুত্বপূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করেছে এবং চীনের সঙ্গে গভীরতর সহযোগিতা ও কূটনৈতিক সদিচ্ছা গড়ে তুলেছে।”
চীন ও পাকিস্তানের মহাকাশবিষয়ক সহযোগিতা শুরু হয় নব্বইয়ের দশকের গোড়ার দিকে। এরই মধ্যে পাকিস্তানের উপগ্রহ উৎক্ষেপণ করেছে চীন। এ ছাড়া ২০২৮ সালের দিকে চীনের একটি চন্দ্র অভিযানে পাকিস্তানের তৈরি রোভার পাঠানোর বিষয়েও দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে।