আন্তর্জাতিক

হুথিদের সঙ্গে সমঝোতায় ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের!

সৌদি আরবের ওপর হামলা বন্ধ এবং যুদ্ধবিরতি নিশ্চিত করতে ইরানের মাধ্যমে ইয়েমেনের হুথি গোষ্ঠীকে ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে রিয়াদ—এমন দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম। উপসাগরীয় অঞ্চলের কূটনৈতিক সূত্রের বরাতে প্রকাশিত এ খবর মঙ্গলবার (২৭ অক্টোবর) টাইমস অব ইন্ডিয়াতেও প্রকাশিত হয়েছে। তবে অর্থ দেওয়ার প্রস্তাব কিংবা তা হস্তান্তরের বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, হুথিদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান তেহরান সফর করেন।

এক কূটনৈতিক সূত্রের দাবি, সৌদি প্রতিরক্ষামন্ত্রী তার হারকিউলিস সামরিক পরিবহন বিমানে করে ১০০ কোটি ডলার তেহরানে নিয়ে যান। তবে কোনো সৌদি কর্মকর্তা অর্থ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেননি।

প্রতিবেদনে বলা হয়, তেহরানের ওই আলোচনায় তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন, পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনীর, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক মহসেন রেজাই এবং ইসলামিক রিভোলিউশনারি গার্ড কর্পসের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় হুথিদের ধারাবাহিক হামলার কারণে দেশটির অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। এ পরিস্থিতিতে উত্তেজনা কমাতে ইরান মধ্যস্থতার উদ্যোগ নেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সরকারি বিবৃতিতে বলা হয়, ‘প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের তেহরান সফরটি বর্তমান সংকটের পক্ষগুলোর মধ্যে উত্তেজনা হ্রাস, সংলাপ ও কূটনৈতিক সমাধানকে উৎসাহিত করা এবং কাতার রাজ্য ও ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানের পরিচালিত মধ্যস্থতা প্রচেষ্টাকে সমর্থন করার জন্য ন্যাটো-রীতির এই জোটের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এসেছে।’

ইসরায়েলি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা এক সৌদি কর্মকর্তা অর্থ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেননি।

তবে তিনি জানান, তিন বছর আগে হওয়া একটি সমঝোতা বাস্তবায়ন না হওয়াই বর্তমান সংঘাতের অন্যতম কারণ।

ওই সমঝোতা অনুযায়ী, হুথিদের নিয়ন্ত্রণাধীন এলাকার সরকারি কর্মচারীদের বেতন দেওয়া এবং অবকাঠামো পুনর্নির্মাণে সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার কথা ছিল। এর বিনিময়ে হুথিদের হামলা বন্ধ রাখার কথা ছিল। হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে ওই সমঝোতার শর্ত ভঙ্গের অভিযোগ তুলেছে।

অন্যদিকে সৌদি আরবের অবস্থান হলো, সামরিক চাপের মুখে পড়ে নতুন করে যুদ্ধবিরতিতে সম্মত হবে না দেশটি।

প্রতিবেদনে আরও বলা হয়, মক্কা যৌথ প্রতিরক্ষা জোট ও ইরানের নেতৃত্বের মধ্যে এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক। গত সপ্তাহে পাকিস্তানের সেনাপ্রধানের তেহরান সফরের সময় এ বৈঠকের উদ্যোগ গতি পায় বলে উল্লেখ করা হয়েছে।

তবে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব কিংবা সৌদি প্রতিরক্ষামন্ত্রীর বিমানে করে ওই অর্থ তেহরানে নেওয়ার দাবির বিষয়ে স্বাধীন কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন