দেশজুড়ে

সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা বাসে লরির ধাক্কা, নিহত ৫

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে লরির ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে মহাসড়কের বড়কুমিরা এলাকায় কিং অব কুমিরা কনভেনশন হলের দক্ষিণ পাশে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

কুমিরা ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার হাবিবুর ইসলাম গণমাধ্যমকে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জনের বেশি। তাদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ ও একটি শিশু রয়েছে। তাদের মধ্যে দুজন বাসের ভেতরে এবং তিনজন বাসের বাইরে ছিলেন।

স্থানীয়রা জানায়, বাসটি বিকল হয়ে যাওয়ায় সেটির মেরামতের কাজ চলছিল। এ সময় অধিকাংশ যাত্রী বাস থেকে নেমে পাশের একটি গাছের ডালের ওপর বসেছিলেন। এর মধ্যে একই লেনে ঢাকামুখী একটি লরি এসে বাসটির পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে ও বাইরে থাকা যাত্রীরা হতাহত হন।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। আহত ও নিহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়দের দাবি, হতাহতদের অধিকাংশের বাড়ি নেত্রকোনা এলাকায়।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন