আন্তর্জাতিক

সৌদি আরব ছাড়তে ফের মার্কিন কর্মীদের জরুরি নির্দেশ

সৌদি আরবে নিরাপত্তাঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কায় দেশটিতে কর্মরত জরুরি নয়- এমন মার্কিন সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সৌদি আরব ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নতুন করে নিরাপত্তা সতর্কতা জারি করেছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস।

গত ২৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রথম এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে। এর ধারাবাহিকতায় আবারও সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে দূতাবাস জানায়, ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের যেকোনো বিমানবন্দর ব্যবহারের আগে মার্কিন সরকারি কর্মীদের মিশনপ্রধানের বিশেষ অনুমোদন নিতে হবে।

বিবৃতিতে আরও সতর্ক করা হয়, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে নতুন করে হামলা হতে পারে। এ ছাড়া দেশটির আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল এবং যাতায়াতে বিঘ্ন ঘটার আশঙ্কাও রয়েছে।

এ পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি ভ্রমণসংক্রান্ত পরিস্থিতির সর্বশেষ তথ্য নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছে দূতাবাস।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন