মক্কা-মদিনায় হুথিদের হামলার নিন্দা মুসলিম ওয়ার্ল্ড লিগের
সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম ওয়ার্ল্ড লিগ। একই সঙ্গে সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে আন্তর্জাতিক এ সংগঠন।
রোববার (২৫ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মক্কাভিত্তিক মুসলিম ওয়ার্ল্ড লিগ এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের হামলা বিশ্বের ২০০ কোটির বেশি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। একই সঙ্গে এটি ইসলামের মূল্যবোধ ও মানবতার মৌলিক নীতির পরিপন্থী।
বিবৃতিতে হুথি গোষ্ঠীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সৌদি কর্তৃপক্ষের পাশে থাকার অঙ্গীকার করেছে সংগঠনটি।
এর আগে হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার দাবি করে সৌদি আরব। দেশটির কর্তৃপক্ষ জানায়, লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যাওয়ার সময় ক্ষেপণাস্ত্র দুটি প্রতিহত করা হয়। পরে সেগুলোর ধ্বংসাবশেষ মক্কাসহ আশপাশের বিভিন্ন এলাকায় পড়ে।
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র জানান, মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ওয়াদি আল-মুগাম্মাস এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে। এছাড়া জেদ্দার আল-নুজহা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিগ গভর্নরেটের মাসতুরাহ এলাকাতেও ধ্বংসাবশেষ পাওয়া যায়।
তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না কিংবা কোনো স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সৌদি কর্তৃপক্ষ।
এমএ//