কবে খুলবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র, জানালেন ডিসি
বান্দরবানের সার্বিক পরিস্থিতির উন্নতি হলে আগামী ১৬ জুলাই থেকে জেলার সব পর্যটনকেন্দ্র আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
জেলা প্রশাসক বলেন, বান্দরবানের অর্থনীতির একটি বড় অংশ পর্যটননির্ভর। দীর্ঘদিন পর্যটনকেন্দ্র বন্ধ থাকায় এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট অনেক ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তিনি জানান, ১৫ জুলাইয়ের পর বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা না থাকলে ১৬ জুলাই থেকেই জেলার সব পর্যটনকেন্দ্র পুনরায় চালু করা হবে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক দুর্যোগ মোকাবিলায় প্রশাসন, বিভিন্ন সরকারি সংস্থা ও সাধারণ মানুষ একসঙ্গে কাজ করছে। এই সমন্বিত উদ্যোগ ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে দুর্যোগকালীন সময়ে গণমাধ্যমকর্মীদের অক্লান্ত পরিশ্রমের কথা স্বীকার করেন এবং বিভিন্ন তথ্য দিয়ে আগামীতেও জেলা প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।
এ সম্মেলনে বান্দরবান পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, পৌর প্রশাসক এস এম মনজুরুল হক, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অপু দেব, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টানা ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বিরূপ পরিস্থিতি এবং দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে ৮ জুলাই থেকে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, এ নিষেধাজ্ঞা ১৫ জুলাই পর্যন্ত বহাল রয়েছে।
পি/ডি