দেশজুড়ে

বান্দরবানে নিখোঁজের ১দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মিসকাত (১৫) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে নিখোঁজের এক দিন পর ঝর্ণার নিচের জলাধার থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। মিসকাত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে ওই প্রতিষ্ঠানের নবম শ্রেণির ৫-৬ শিক্ষার্থী শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রে বেড়াতে যায়। সেখানে তারা পাশের একটি ঝর্ণায় একসঙ্গে গোসল করতে নামে। একপর্যায়ে গোসল শেষে অন্যরা ওপরে উঠে এলেও মিসকাতের কোনো খোঁজ পাওয়া যায়নি।

বন্ধুরা আশপাশে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও তার সন্ধান মেলেনি।

জেলা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, বুধবার বিকেল ৪টার দিকে খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। তবে সেদিন তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পরে বৃহস্পতিবার সকালে ঝর্ণার জলাধারে মিসকাতের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করেন এবং পুলিশকে খবর দেন।

ওসি মো. মাসুদ পারভেজ বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন