বান্দরবানের নিখোঁজ ৩ স্কুলছাত্রী উদ্ধার
বান্দরবানের লামা থেকে নিখোঁজের চার দিন পর তিন স্কুলছাত্রীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃতরা হলেন—রেশমি আক্তার (১৭), তানিয়া সুলতানা (১৩) ও হালিমাতুচ্ছ সাদিয়া (১৪)। তারা সবাই বান্দরবানের লামা থানাধীন ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইয়াংছা মুসলিমপাড়া এলাকার বাসিন্দা।
বুধবার (১৪ অক্টোবর) দিনগত রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানা এলাকার দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায়সার হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যরা জানান, গত ১০ অক্টোবর সার্টিফিকেট নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় রেশমি আক্তার। পরে তার সঙ্গে অন্য দুই কিশোরীও বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে লামা থানায় গত ১৩ অক্টোবর সাধারণ ডায়েরি করেন নিখোঁজদের পরিবারের সদস্যরা।
ওসি মোহাম্মদ কায়সার হামিদ জানান,তথ্য প্রযুক্তির সাহায্যে ওই ছাত্রীদের অবস্থান সনাক্ত করে ১৪ অক্টোবর রাতে খুলশী থানা পুলিশ ২ নং রোডের একটি বাসা এবং খুলশী টাউন সেন্টারের কনকর্ড টাওয়ারের একটি বাসায় পৃথক অভিযান পরিচালনা করে তিন ছাত্রীকে উদ্ধার করে।
প্রাথমিকভাবে জানা গেছে, বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজের জন্য তারা সেখানে অবস্থান করছিলেন। উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। সন্তানদের ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তাদের পরিবার।
আই/এ