প্রতিকূল আবহাওয়ায় কেউ পরীক্ষা দিতে না পারলে ফের পরীক্ষা নেয়া হবে : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়ায় কোন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিতে না পারলে ফের পরীক্ষা নেয়া হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ারও আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে পটুয়াখালী ২ আসনের এমপি শফিকুল ইসলাম মাসুদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কুমিল্লায় একটি কলেজের মাঠ পানিতে ভরে গিয়েছিল। এছাড়া কিছু জায়গায় কেন্দ্রের সামনে পানি ছিল। সেটি সাথে সাথেই পরিবর্তন করা হয়েছে এবং শিক্ষার্থীদের যে সুবিধা দেয়ার সেটা দেয়া হয়েছে। এ বিষয়ে সার্বক্ষনিক পরিস্থিতি পর্যবেক্ষন করা হয়েছে। কোন শিক্ষার্থী যদি পরীক্ষা না দিতে পারে। তাহলে প্রশ্ন পত্র করা রয়েছে পুনরায় পরীক্ষা নেয়া হবে।
এহসানুল হক মিলন বলেন, “আমরা আবারও পর্যালোচনা করছি যদি কোথাও আমাদের প্রশাসনিক দুর্বলতার কারণে কোন শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠার পরে কোন শিক্ষার্থী পরীক্ষা না দিতে পারে এই জরিপটা আমাদের কাছে আসার পরে প্রয়োজনে আমার রিএক্সামও নিতে পারি। আমরা চিটাগাং বোর্ডে এই ব্যবস্থাটি করেছি এবং সেই অবস্থান আমাদের রয়েছে’’।
তিনি বলেন, সেই জন্য শিক্ষার্থীদের অনুরোধ করবো তারা আবার যেন পড়ার টেবিলে ফিরে যায়। আমরা শিক্ষার্থীদের চেয়ে বেশি উদ্বিগ্ন কিভাবে পরীক্ষা নেব এবং দুর্যোগ মোকাবিলা করব। আমি আবারও আশ্বাস দিচ্ছি যে সমস্ত পরীক্ষা কেন্দ্রে এ ধরণের ভুল ত্রুটি হয়েছে সেখানে পুনরায় পরীক্ষা নেয়ার বিধানও আমাদের রয়েছে। শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ।
আই/এ