জাতীয়

সৌদি পৌঁছেছেন ৪৬ হাজার ৫১৪ হজযাত্রী, মৃত্যু ৯

চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ১১৮টি ফ্লাইটে মোট ৪৬ হাজার ৫১৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪২ হাজার ৪৪৩ জন।

মঙ্গলবার (০৫ মে) সকালে প্রকাশিত হজ সংক্রান্ত সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে হজ পালনে গিয়ে এখন পর্যন্ত ৯ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন। মৃতদের মধ্যে একজন নারী রয়েছেন।

হজ বুলেটিন অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৪টি ফ্লাইটে ২১ হাজার ৯১০ জন, সৌদি এয়ারলাইনসের ৪৩টি ফ্লাইটে ১৬ হাজার ১১০ জন এবং ফ্লাইনাসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৪৯৪ জন যাত্রী সৌদি আরবে গেছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। পুরো কার্যক্রম পরিচালনায় ৬৬০টি এজেন্সি কাজ করছে, যার মধ্যে ৩০টি প্রধান এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

এর আগে গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। এই ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

হজ অফিসের তথ্য অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে, আর শেষ ফ্লাইটটি ৩০ জুন ঢাকার উদ্দেশে রওনা হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন