আইন-বিচার

মাদ্রাসায় হামলা-ভাঙচুর : সেই শাহজালাল রুমিকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় আলোচিত অভিভাবক শাহজালাল রুমীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (০৩ নভেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে তাকে চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জামিন আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট বেল্লাল হোসাইন ও অ্যাডভোকেট এইচ এম রুহুল আমিন মোল্লা।

মামলার সূত্রে জানা যায়, সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে টঙ্গীর একটি মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। এ ঘটনায় শাহজালাল রুমীর বিরুদ্ধে মামলা করা হয়। একজন অভিভাবকের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পর বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে।

পরে গত ২৬ অক্টোবর শাহজালাল রুমীর পক্ষে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করা হয়। মঙ্গলবার সেই আবেদনের শুনানি শেষে আদালত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন এবং চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

অ্যাডভোকেট বেল্লাল হোসাইন জানান, আদালতের আদেশ পর্যালোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন