লাগেজ হ্যান্ডেলিং লাইভ দেখতে পারবেন শাহজালাল বিমান বন্দরের যাত্রীরা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের লাগেজ হ্যান্ডলিং কার্যক্রম সরাসরি দেখার ব্যবস্থা করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।এখন থেকে উড়োজাহাজ থেকে লাগেজ নামানো থেকে শুরু করে বেল্টে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন ধাপ সরাসরি দেখতে পারবেন যাত্রীরা।
শনিবার (১৭ অক্টোবর) বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, লাগেজ ব্যবস্থাপনায় সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে যাত্রীরা তাদের লাগেজ কোথায় আছে এবং কোনো সমস্যা হয়েছে কিনা, তা সরাসরি দেখতে পারবেন।
বিমানবন্দরের আটটি লাগেজ বেল্ট এলাকায় ৩২টি সিসিটিভি ক্যামেরা ও ৬৫ ইঞ্চির ১৮টি মনিটর স্থাপন করা হয়েছে।
বেবিচক জানায়, প্রতিটি লাগেজ বেল্টের ব্যাগেজ এলাকায় চারটি করে ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে লাগেজ নামানো, পরিবহন, বাছাই এবং বেল্টে পৌঁছানোর দৃশ্য মনিটরে সরাসরি সম্প্রচার করা হবে। এ উদ্যোগে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ার পাশাপাশি যাত্রীদের উদ্বেগ কমবে বলে আশা করছে সংস্থাটি।
আই/এ