আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে বেসামরিক নৌযানে মার্কিন হামলা, নিহত ৫: দাবি ইরানের

হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর হামলায় পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে ইরান। তেহরানের দাবি, যেসব নৌযানে হামলা চালানো হয়েছে, সেগুলো ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি)-এর নয়, বরং সম্পূর্ণ বেসামরিক ছিল।

মঙ্গলবার (০৫ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, ইরানি সূত্রগুলো জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ারগুলো প্রণালিতে প্রবেশের সময় তাদের রাডার বন্ধ ছিল। পরে রাডার চালু হলে ইরানের নৌবাহিনী সেগুলো শনাক্ত করে।

মার্কিন নৌযানগুলো শনাক্ত হওয়ার পর ইরানের নৌবাহিনী সতর্কতামূলক পদক্ষেপ নেয়। এসময় ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রকেট ব্যবহার করে সতর্কবার্তা হিসেবে গুলি ছোড়া হয়। এতে মার্কিন ডেস্ট্রয়ারগুলো পিছু হটতে বাধ্য হয় বলে দাবি করেছে তেহরান। 

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে কড়া বার্তাও দিয়েছে ইরান। তারা বলেছে, ভবিষ্যতে মার্কিন নৌবাহিনী আবার হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করলে সেটিকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে।

প্রসঙ্গত, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই অভিযানে যোগ দেয়। যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান, যা অঞ্চলজুড়ে উত্তেজনা ছড়িয়ে দেয়।

বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। একইসঙ্গে স্থায়ী সমাধানের লক্ষ্যে দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত আছে এবং নতুন করে আরেক দফা বৈঠকের প্রস্তুতিও চলছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন