জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে, আতঙ্কের কারণ নেই: জ্বালানি প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেল নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
শুক্রবার (0৬ মার্চ) রাজধানীর পরীবাগ এলাকার একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির কারণে মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে, যা অস্বাভাবিক নয়। বিশ্বে যুদ্ধাবস্থার মতো পরিস্থিতি থাকায় অনেকেই আগেভাগে বেশি করে তেল সংগ্রহ করছেন। তবে এতে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই।
তিনি বলেন, সাম্প্রতিক কয়েক দিনে স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে। অনেক ক্রেতাই স্বীকার করেছেন যে তারা ভবিষ্যতের আশঙ্কায় বেশি পরিমাণ তেল কিনছেন। এই অযৌক্তিক আতঙ্ক দূর করা জরুরি।
জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে, যা দেশের ওপরও কিছুটা চাপ তৈরি করছে। তবুও সরকার চেষ্টা করছে যাতে দেশের বাজারে তেলের দাম না বাড়ে। তবে পরিস্থিতি একান্তই অনুকূলে না থাকলে সে বিষয়টি জনগণকে জানিয়ে সমন্বয় করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
এমএ//