আন্তর্জাতিক

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী অপরিশোধিত জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারের প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১০১ ডলার ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলে ঝড়ের সম্ভাবনা এবং দেশটির অপরিশোধিত তেলের মজুত কমে যাওয়ায় সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বিশ্ববাজারের দামে।

বুধবার (০৭ অক্টোবর) ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহের দাম ৯৩ সেন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৫১ ডলারে উঠেছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারের প্রধান সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের দামও ৮২ সেন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেল ডব্লিউটিআই ৯০ দশমিক ২৫ ডলারে লেনদেন হচ্ছে।

তেলের বাজারে দাম বাড়ার অন্যতম কারণ হয়ে উঠেছে মেক্সিকো উপসাগরে সৃষ্ট একটি ক্রান্তীয় ঝড়।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, ঝড়টি দ্রুত শক্তিশালী হয়ে চলতি বছরের প্রথম আটলান্টিক হারিকেনে রূপ নিতে পারে। এতে যুক্তরাষ্ট্রের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস উৎপাদন এবং শোধনাগারগুলোর কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মেক্সিকো উপসাগরীয় অঞ্চল যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। দেশটির মোট অপরিশোধিত তেল উৎপাদনের প্রায় ১৫ শতাংশ এবং প্রাকৃতিক গ্যাস উৎপাদনের প্রায় ৫ শতাংশ আসে এই অঞ্চল থেকে। ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকার ছয়টি শোধনাগারের কার্যক্রমও ব্যাহত হতে পারে।

যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলীয় অঙ্গরাজ্যগুলো দেশটির মোট তেল পরিশোধন সক্ষমতার প্রায় অর্ধেক নিয়ন্ত্রণ করে। দেশটির দৈনিক মোট পরিশোধন সক্ষমতা প্রায় ১ কোটি ৮২ লাখ ব্যারেল।

এর পাশাপাশি যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত কমে যাওয়াও বাজারে দাম বৃদ্ধিতে ভূমিকা রাখছে। ২ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে দেশটির অপরিশোধিত তেলের মজুত কমেছে ২০ লাখ ৯০ হাজার ব্যারেল। একই সময়ে পেট্রোলের মজুতও কমেছে। তবে পরিশোধিত জ্বালানি বা ডিস্টিলেটের মজুত সামান্য বেড়েছে।

অন্যদিকে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেলের সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। মঙ্গলবার (০৬ অক্টোবর) সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন দিয়ে প্রতিদিন ৫৮ লাখ ব্যারেল তেল পরিবহন করা হয়েছে। গত সাত থেকে ১০ দিনে মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিন গড়ে প্রায় ১ কোটি ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এবং ২০ লাখ ব্যারেল পরিশোধিত জ্বালানি সরবরাহ হয়েছে।

তবে সরবরাহ বাড়লেও মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা পুরোপুরি কমেনি। সোমবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলের জাজান ও নাজরান বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর অভিযান চলার মধ্যেই এসব হামলা হয়। ওই অভিযানে আকাশপথে সহায়তা দিচ্ছে রিয়াদ।

ফলে একদিকে যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলে ঝড়ের কারণে তেল সরবরাহে সম্ভাব্য বিঘ্ন, অন্যদিকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা—দুই দিকের ঝুঁকিই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের ওপর প্রভাব ফেলছে। সব মিলিয়ে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখন ব্যারেলপ্রতি ১০০ ডলারের আশপাশে অবস্থান করছে।

সূত্র: আল জাজিরা

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন