মাঠ থেকে ছাগল নিয়ে এসে মা দেখেন ঘরে ঝুলছে মেয়ের নিথর দেহ
নেত্রকোনার বারহাট্টায় এক শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শিশুটির নাম তাহিয়া আক্তার তানজিম ওরফে তুবা (৯)। তুবা উপজেলা সদর ইউনিয়নের বিক্রমশ্রী গ্রামের মো. রফিকুল ইসলামের মেয়ে। পুলিশের ধারণা ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকালে উপজেলার সদর ইউনিয়নের বিক্রমশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। বারহাট্টা থানার উপ পরিদর্শক (এসআই) কাদির আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে সূত্রে জানা যায়, শিশু তুবা দুপুর ২টার দিকে একা ঘরে ভাত খাচ্ছিল। তখন তার মা চিনি আক্তার ছাগল আনতে যায় মাঠে। ছাগল নিয়ে বিকালে বাড়িতে এসে দেখে মেয়েটি তাদের ঘরের আড়ার সাথে ওড়না পেছিয়ে ঝোলানো। তখন তার মা দ্রুত মেয়েকে ঝোলানো অবস্থা থেকে নামিয়ে পানি দেয়। কিন্তু অবস্থায় কোন পরিবর্তন না হওয়ায় বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
শিশুটির মা চিনি আক্তার জানায়, ‘আমার মেয়ে বাড়িতে ভাত খাচ্ছিল। ঘরে কেউ ছিল না। এর মধ্যেই কি হয়ে গেল। আমি যখন আমার মাইয়াডারে ধরনা থাইক্কা নামাই তখন তার পাইজামা খোলা ছিল। আমার ছোট্ট শিশুটার সাথে যে এই কাজ করেছে আমি সেটার কঠিন বিচার চাই’।
এস আই কাদির আলী বলেন, ঘটনাটি শোনার পর পরই বারহাট্টা থানা পুলিশ বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসে । প্রাথমিক আলামতে শিশুটিকে আড়ায় ঝোলানোর আগে ধর্ষণ করা হয়েছে বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্টের পর বিষয়টি পরিষ্কার হবে এবং সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আই/এ