দুর্ঘটনা

পদ্মা সেতুতে দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, মরদেহ ফেলে পালাল চালক

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণীর (১৮) মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর তরুণীকে সেতুতে ফেলে পালিয়ে যান মোটরসাইকেল চালক। নিহতের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে পদ্মা সেতুর ৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় তরুণী মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন। কোনো কারণে মোটরসাইকেলটি দুর্ঘটনায় পড়লে চালক তাকে ঘটনাস্থলে রেখে পালিয়ে যান। পরে সেতু কর্তৃপক্ষের সহযোগিতায় পদ্মা সেতু উত্তর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে।

ওসি সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানান, নিহত তরুণীর বয়স আনুমানিক ১৮ বছর। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ওসি আরও জানান, নিহত তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #পদ্মা সেতু #দুর্ঘটনা