আন্তর্জাতিক

পৃথিবীর গভীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠে উঠে আসছে স্বর্ণ!

আন্তর্জাতিক ডেস্ক

মাটির গভীরে লুকিয়ে থাকা স্বর্ণের উৎস কি শুধু খনি? বিজ্ঞানীদের নতুন গবেষণা বলছে, পৃথিবীর একেবারে কেন্দ্রেও রয়েছে বিপুল পরিমাণ স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু। আর আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মধ্য দিয়ে সেই ধাতুর সামান্য অংশ ধীরে ধীরে উঠে আসছে ভূপৃষ্ঠে। হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়শিলা পরীক্ষা করে এমনই চমকপ্রদ তথ্য পেয়েছেন জার্মানির একদল গবেষক।

গটিংজেন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা টানা তিন বছর হাওয়াইয়ের ব্যাসল্ট শিলা বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন। তাদের গবেষণাপত্রটি গত বছর বিখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত হয়।

গবেষকদের মতে, পৃথিবীর গভীর কেন্দ্র থেকে কিছু উপাদান গলিত পাথর বা ম্যাগমার সঙ্গে মিশে ওপরের দিকে উঠে আসছে। সমুদ্রের তলদেশ দিয়ে প্রবাহিত এই উত্তপ্ত ম্যাগমা আগ্নেয়গিরির মাধ্যমে ভূপৃষ্ঠে পৌঁছায়। দীর্ঘ সময় ধরে এই প্রক্রিয়ায় আগ্নেয় দ্বীপেরও সৃষ্টি হয়।

কেন্দ্রে জমা রয়েছে বিপুল স্বর্ণ

বিজ্ঞানীদের ধারণা, পৃথিবীর গলিত কেন্দ্র পুরোপুরি বিচ্ছিন্ন কোনো স্তর নয়। সেখানকার কিছু উপাদান ধীরে ধীরে ওপরের পাথুরে স্তর বা ম্যান্টলে প্রবেশ করছে। নতুন গবেষণায় এই ধারণার পক্ষে শক্তিশালী প্রমাণ পাওয়া গেছে।

গটিংজেন বিশ্ববিদ্যালয়ের ভূ-রসায়নবিদ ও গবেষণাটির প্রধান লেখক নিলস মেসলিং জানান, প্রায় ৪০ বছর আগে প্রথম এমন সম্ভাবনার কথা বলেছিলেন বিজ্ঞানীরা। তবে এত দিন এর পক্ষে সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এবারের গবেষণায় প্রথমবারের মতো জোরালো প্রমাণ মিলেছে যে পৃথিবীর কেন্দ্রের কিছু উপাদান ম্যান্টলে মিশে যাচ্ছে।

বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, পৃথিবীর মোট স্বর্ণের ৯৯ দশমিক ৯৫ শতাংশের বেশি রয়েছে এর গলিত কেন্দ্রে। একই সঙ্গে সেখানে প্লাটিনামের মতো ভারী ধাতুরও বিশাল মজুত রয়েছে।

প্রায় ৪৫০ কোটি বছর আগে পৃথিবী গঠনের প্রাথমিক পর্যায়ে উল্কাপিণ্ডের সংঘর্ষের মাধ্যমে এসব মূল্যবান ধাতু জমা হয়েছিল।

গবেষণায় দেখা গেছে, সেই বিশাল ভান্ডার থেকে অতি সামান্য পরিমাণ স্বর্ণ ধীরে ধীরে পৃথিবীর ওপরের স্তরে উঠে আসছে। অর্থাৎ এই প্রাকৃতিক প্রক্রিয়া এখনো চলমান।

এই স্বর্ণ কি খনন করে তোলা সম্ভব?

কেন্দ্র থেকে স্বর্ণ ভূপৃষ্ঠে উঠে এলেও এর পরিমাণ এতই কম যে তা বাণিজ্যিকভাবে সংগ্রহ করা সম্ভব নয়। তাছাড়া পৃথিবীর কেন্দ্র থেকে সরাসরি স্বর্ণ উত্তোলন বর্তমান প্রযুক্তিতে প্রায় অসম্ভব।

পৃথিবীর কেন্দ্র ও ম্যান্টলের মধ্যবর্তী সীমানা ভূপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৮৯৭ কিলোমিটার গভীরে।

অন্যদিকে, মানুষের খনন করা সবচেয়ে গভীর গর্ত রাশিয়ার কোলা সুপারডিপ বোরহোলের গভীরতা মাত্র ১২ দশমিক ৩ কিলোমিটার। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের ওই সীমানা মানুষের খনন করা গভীরতম গর্তের তুলনায় প্রায় ২৩৬ গুণ বেশি গভীরে।

গবেষকদের ধারণা, কেন্দ্র থেকে মূল্যবান ধাতু ভূপৃষ্ঠে পৌঁছানোর এই প্রক্রিয়া সম্পন্ন হতে ৫০ কোটি থেকে ১০০ কোটি বছর পর্যন্ত সময় লাগে। দীর্ঘ সময় ধরে চলতে থাকা এই প্রাকৃতিক প্রক্রিয়ায় পৃথিবীর ওপরের স্তরে সামান্য পরিমাণ স্বর্ণের মজুত যুক্ত হচ্ছে। ফলে পৃথিবীর গভীরে থাকা বিপুল স্বর্ণের ভান্ডার থেকে অতি ধীরে হলেও কিছু অংশ ভূপৃষ্ঠের দিকে এগিয়ে আসছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বর্ণ #আগ্নেয়গিরি