পাবনার সদর উপজেলার শ্রীকোল বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৪৬৬ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় তিন সার ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল বাজারে জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
এনএসআই পাবনার উপপরিচালক এবিএম লুৎফুল কবিরের নেতৃত্বে সংস্থাটির সহযোগিতায় অভিযানটির সার্বিক তত্ত্বাবধান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার ইসলাম নাফিজ।
সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(১) ধারায় তিন ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের অবৈধভাবে মজুত করা ৪৬৬ বস্তা সার জব্দ করা হয়েছে। জব্দকৃত সারের আনুমানিক বাজারমূল্য পাঁচ লাখ টাকা।
জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন শ্রীকোল এলাকার মেসার্স মল্লিক ট্রেডার্সের মালিক বাচ্চু মল্লিক, তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই এলাকার মোল্লা ট্রেডার্সের মালিক হেলাল মোল্লা ও আসাদুজ্জামান কামালকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জব্দ করা সার সরকার নির্ধারিত দামে কৃষকদের কাছে বিক্রি ও বিতরণ করা হবে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
এমএ//