জাতীয়

শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদন পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। আবেদনের আইনগত ভিত্তি আছে কিনা, সত্যিই আবেদন করা হয়েছে কিনা এবং আবেদন করার অধিকার তার রয়েছে কিনা, এসব বিষয়সহ সংশ্লিষ্ট আইনকানুন যাচাই করা হচ্ছে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

সোমবার (৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়কালে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার আবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমিও বিষয়টি শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। তবে এর সত্যতা এখনো যাচাই করতে পারিনি।’

তিনি বলেন,  ‘আপাতদৃষ্টিতে বলতে পারি, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নেন, সেই দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুসারে তাঁকে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পত্র পাঠানো হয়েছে। তাকে আইন অনুযায়ী প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে।’

বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল হামলা প্রসঙ্গে তিনি আরও বলেন,  পতিত শক্তি অস্থিরতা সৃষ্টি করতে মাঝেমধ্যে কিছু স্থাপনা ও বাসে আক্রমণ করছে তাদের কঠোরভাবে দমন করা হবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বরাষ্ট্রমন্ত্রী