আন্তর্জাতিক

গাজার সেই চিকিৎসক এবার মার্কিন কংগ্রেসে

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজায় চিকিৎসাসেবা দিয়ে আলোচনায় আসা মিসরীয় বংশোদ্ভূত মার্কিন সার্জন অ্যাডাম হামাউয়ি এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছেন। নিউ জার্সি অঙ্গরাজ্যের ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে জয় পেয়েছেন তিনি। এর মধ্য দিয়ে নিউ জার্সি থেকে নির্বাচিত প্রথম মুসলিম ও মিসরীয়-আমেরিকান কংগ্রেস সদস্য হওয়ার ইতিহাস গড়েছেন হামাউয়ি।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (০৩ নভেম্বর) অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে জয়ের পর দেওয়া বক্তব্যে গাজা ও ফিলিস্তিনের মানুষের প্রতি সমর্থন জানান হামাউয়ি।

তিনি বলেন, ‘গাজা ও ফিলিস্তিনের নারী, পুরুষ ও শিশুদের বলছি, আপনাদের হাসি আমাকে আরও সুন্দর একটি পৃথিবীর জন্য লড়াই করার সাহস ও আশা জোগায়।’

নিউ জার্সির প্রিন্সটনে আয়োজিত বিজয় উদ্‌যাপন অনুষ্ঠানে উপস্থিত ছিল মিডল ইস্ট আই। সেখানে বক্তব্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত কাজ শুরুর কথা জানান হামাউয়ি। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার করেন তিনি।

নিজের চিকিৎসক পরিচয় তুলে ধরে হামাউয়ি বলেন, ‘আমি একজন সার্জন। আপনাদের বলতে পারি, আমরা রক্তক্ষরণ বন্ধ করব। ওয়াশিংটনকে দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ করা ক্ষমতাকাঠামোর কারণে যারা পিছিয়ে পড়েছেন, আমরা প্রতিটি আমেরিকানের জন্য লড়াই করব।’

এদিকে এবারের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা বাড়ছে। এর আগে পরিষদে রিপাবলিকানদের ২১৮টি আসনের বিপরীতে ডেমোক্র্যাটদের আসন ছিল ২১৫টি।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এমএস নাউয়ের পূর্বাভাস অনুযায়ী, নতুন কংগ্রেসে ডেমোক্র্যাটরা প্রায় ২৫০টি আসন পেতে পারে। আগামী জানুয়ারি থেকে নতুন কংগ্রেসের কার্যক্রম শুরু হওয়ার কথা।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজা #অ্যাডাম হামাউয়ি #ফিলিস্তিন #যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন