দেশজুড়ে

নিজ কার্যালয়ে বিএনপি নেতাসহ দুই জনকে গুলি করে হত্যা

পাবনা প্রতিনিধি

পূর্ব শত্রুতার জেরে পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের পুষ্পপাড়া গরুর হাটের ইজারাদার আব্দুস সালাম ও স্থানীয় বিএনপি নেতা রিপনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আব্দুস সালাম পুষ্পপাড়া গরুর হাটের ইজারাদার ছিলেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুষ্পপাড়া হাটে আব্দুস সালামের কার্যালয়ে এ ঘটনা ঘটে। পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সন্ধ্যায় আব্দুস সালাম নিজ কার্যালয়ে বসে ছিলেন। এ সময় ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত সেখানে ঢুকে সালাম ও রিপনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

তবে কারা, কী কারণে এবং কোন বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত করছে পুলিশ।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #পাবনা #গুলি