ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে সরকার গঠনের লড়াই ক্রমেই জমে উঠছে। ভোটগ্রহণ শেষে বুথফেরত জরিপে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জোট ও বিরোধী জোটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে। শুরুর দিকে বিরোধীরা এগিয়ে থাকলেও সর্বশেষ জরিপে সেই ব্যবধান কমে এসেছে। কোনো কোনো জরিপে দুই পক্ষের সমান আসন পাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে।
কান ১১ ও চ্যানেল ১৩-এর সর্বশেষ বুথফেরত জরিপ অনুযায়ী, নেতানিয়াহুর জোট এবং বিরোধী জোট—উভয় পক্ষই ৫৩টি করে আসন পেতে পারে।
অন্যদিকে চ্যানেল ১২ তাদের জরিপ সংশোধন করে জানিয়েছে, আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেতে পারে ৫০টি আসন। আর নেতানিয়াহুর জোটের সম্ভাব্য আসনসংখ্যা ৫২। এর আগে প্রকাশিত প্রাথমিক জরিপে নেতানিয়াহুবিরোধীরা সামান্য ব্যবধানে এগিয়ে ছিলেন।
ইসরাইলের আইন অনুযায়ী, সরকার গঠনের জন্য পার্লামেন্টে অন্তত ৬১টি আসনের সমর্থন প্রয়োজন।
তবে বুথফেরত জরিপের পূর্বাভাস অনুযায়ী, কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। ফলে শেষ পর্যন্ত কোন পক্ষ সরকার গঠনের সুযোগ পাবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটি আনুষ্ঠানিকভাবে ভোট গণনার ফল প্রকাশ শুরু করেছে। এখন পর্যন্ত গণনা হয়েছে মোট ভোটের আড়াই শতাংশ।
এবারের নির্বাচনে ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। তবে বুথফেরত জরিপের হিসাব চূড়ান্ত ফল নয়। ভোট গণনা শেষ হওয়ার পরই আসন বণ্টন ও সরকার গঠনের সম্ভাব্য চিত্র আরও স্পষ্ট হবে।
এসি//