দেশজুড়ে

তিন সন্তানকে বিষ খাওয়ানোর ঘটনায় বাবাকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য

বায়ান্ন প্রতিবেদন

সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষপান করেছেন এক বাবা। বিষক্রিয়ায় তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের বাবা শরাফত আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১টার দিকে তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের রজনীলাইন গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া তিন শিশু হলো—মেয়ে মাওয়া, বয়স ১০ বছর; দুই ছেলে তামিম, ৭ বছর এবং শামিম, ২ বছর।

স্থানীয়রা জানান, শরাফত আলী জুয়া ও মাদকে আসক্ত ছিলেন। ঘটনার দিন তিন সন্তানকে সঙ্গে নিয়ে স্থানীয় বড়ছড়া বাজারে যান তিনি। পরে বাড়ি ফেরার সময় বিরিয়ানি কিনে নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে, বাড়িতে ফেরার পর সেই খাবারের সঙ্গে বিষ মিশিয়ে সন্তানদের খাওয়ান শরাফত। এরপর নিজেও বিষপান করেন।

বিষপানের বিষয়টি জানতে পেরে প্রতিবেশী ও স্বজনরা চারজনকে উদ্ধার করে প্রথমে বাদাঘাট বাজারে ডা. হাফিজ উদ্দিনের কাছে নিয়ে যান। পরে তাদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. ফৌজিয়া জানান, রাত ১টা থেকে দেড়টার মধ্যে ঘটনাটি ঘটে থাকতে পারে। সকাল ৭টা ২০ মিনিটের দিকে তিন শিশু ও তাদের বাবাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকেরা দেখতে পান, হাসপাতালে আনার আগেই তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় শরাফত আলীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শরাফতের প্রতিবেশী ও আত্মীয় রনু মিয়া জানান, শরাফতের স্ত্রী সৌদি আরবে প্রবাসী।

তিনি আরও বলেন, শরাফত দীর্ঘদিন ধরে জুয়া ও মাদকের সঙ্গে জড়িত ছিলেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমদ বলেন, তিন শিশুর মরদেহ তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছিল। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহগুলো সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে শরাফত আলীর জুয়া ও মাদকের আসক্তির বিষয়টি জানতে পেরেছে পুলিশ।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #সুনামগঞ্জ #বিষ