দেশজুড়ে

সরকারবিরোধী কিছুই পায়নি পুলিশ, তবুও কারাগারে সেই নারী উদ্যোক্তা

ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে সরকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করায় আটক নারী উদ্যোক্তা সাথী আক্তারকে (৩০) কারগারের পাঠিয়েছে আদালত। সরকারবিরোধী কিছু না পেলেও ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় (প্রতিরোধমূলক ব্যবস্থা) গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) বিকাল ৩টার দিকে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাজেদুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ময়মনসিংহ আদালতের পরিদর্শক মোস্তাছিনুর রহমান বলেন, ‘ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারা মূলত পুলিশের প্রতিরোধমূলক ব্যবস্থা। কোনও ব্যক্তি আমলযোগ্য অপরাধ সংঘটনের পরিকল্পনা করছেন বলে পুলিশের সন্দেহ হলে সেই অপরাধ প্রতিরোধের জন্য তাকে গ্রেফতার করতে পারে পুলিশ। এ ক্ষেত্রে পুলিশই বাদী হয়ে আইনি ব্যবস্থা নেয়।’

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‌‘ওই নারীর ফেসবুক লাইভের পুরো ভিডিও আমি চারবার পর্যালোচনা করেছি। সেখানে সরকারবিরোধী কোনও বক্তব্য বা সরকারের সমালোচনামূলক কিছু পাইনি।’

তিনি বলেন,  ‘ভিডিওটি প্রকাশের পর মার্কেটের কয়েকজন ব্যবসায়ী কথা বলতে গেলে তাদের সঙ্গে মারমুখী আচরণ করেন ওই নারী। এতে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এ কারণে ওই নারীকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আশা করছি তিনি জামিন পাবেন। জামিনে মুক্ত হয়ে এলে ব্যবসা পরিচালনায় কোনও সমস্যা হবে না বলে মার্কেটের ব্যবসায়ীরা আমাকে আশ্বস্ত করেছেন।’

জানা গেছে,  সাথী আক্তার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকার খাদিজা প্যালেস মার্কেটে অবস্থিত ‘সাথী বিউটি পার্লার’-এর মালিক এবং স্থানীয় বাসিন্দা আমজাদ আলীর মেয়ে। গতকাল বেলা ২টার দিকে ‘সাথী মেকওভার’ নামের ফেসবুক আইডি থেকে দুটি লাইভ করেন তিনি।

এতে সরকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি জানান,  সম্প্রতি তার দুটি শোরুম এবং আশপাশের কয়েকটি দোকানের বিদ্যুতের তার ও এসির তার চুরি হয়েছে। এ ছাড়া তার বাসা থেকেও মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। এসব ঘটনায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

একপর্যায়ে তিনি বলেন, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’

পরে তার লাইভটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। রাত ৮টার দিকে বিএনপি নেতাকর্মীরা সাথীর পার্লারে গিয়ে তার বক্তব্যের বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পার্লারে ভাঙচুরের আশঙ্কায় ব্যবসায়ীরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাথীকে হেফাজতে নেয়।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #নারী উদ্যোক্তা #ফেসবুক